আচ্ছা, যদি এমন হত যে আমাদের দেশে সাধারণ অর্থাৎ General caste এবং তফসিলি জাতি, উপজাতিদের জন্য পৃথক স্কুল। বাসে বা অন্যান্য সমস্ত পরিবহন মাধ্যমে আলাদা সীট, সিনেমা হলে পৃথক আসনের ব্যবস্থা থাকত তাহলে কেমন হত? এমন পরিস্থিতির কথা ভাবলেও শিউড়ে উঠতে হয়। তবে ৫০ এর দশকের আমেরিকা তে এই ধরণের সামাজিক ব্যবস্থা মোটেও কোন কষ্ট কল্পনা নয়। ঘোর বাস্তব। সত্যিই অবাক করার মত ঘটনা। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, উন্নত ভাবনা ও মেধার দেশের এক সময়কার এই ছবি বিশ্বাস করা সত্যিই কঠিন। মার্টিন লুথার কিং জুনিয়রের এর কথা ত’ আমরা সবাই জানি। তাঁর বিখ্যাত স্পীচ আজও আলোচ্য, আজও প্রাসঙ্গিক, প্রেরণাদায়ক। পরিস্থিতির বদল হয় ১৯৬৪ তে যখন মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে Civil Rights Act of 1964 পাস হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের আনুষ্ঠানিক সীলমোহর তাকে বাস্তবায়িত করে।
তবে শুধু রোম নগরীই নয়, কোনও মহতী প্রচেষ্টাই একদিনে সফলকাম হয়না। ১৯৬৪ এর থেকে আরও সাত বছর পিছিয়ে যাই আমরা। Racial Segregation বন্ধের দাবীতে জোরদার আন্দোলন তখনও চলছে। তখনও বাসে উঠলে কালো মানুষদের পিছনের সারির সীটে বসতে হয়। এই পরিস্থিতিতে বদলের সূত্রপাত হল দক্ষিণ আমেরিকার William Frantz Elementary School-এ। এক শিশুর হাত ধরে! রুবি ব্রিজেস। প্রথম কৃষ্ণাঙ্গ শিশু যে সাদা চামড়ার শিশুদের জন্য নির্ধারিত স্কুলে ভর্তি হয়েছিল। তার মত আরও ছয় জন কৃষ্ণাঙ্গ শিশু প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের মধ্যে দু’জন তাদের পূর্বতন স্কুলেই থেকে যায়, তিন জনকে ট্রান্সফার করা হয় ম্যাকডনোতে। শুধু রুবিই ওই স্কুলে হন।
ছোট্ট রুবি কে স্কুলে আসা যাওয়ার পথে এসকর্ট করে নিয়ে যেতেন তিন জন U.S Marshal, বিখ্যাত সেই ছবি আজও বাঙ্ময় হয়ে রয়েছে। সেদিনের সেই শিশু আজ ৫৯ বছরের প্রৌঢ়া। একাধিক পুরষ্কারে ভূষিত, সম্মানিত তিনি। দীর্ঘ সংগ্রামের পর আজ সে দেশে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
২০১১ সালের ১৫ই জুলাই, হোয়াইট হাউসে রুবি ব্রিজেস-এর সাথে ওবামার সাক্ষাৎ। দেওয়ালে এক সুবিশাল তৈল চিত্র, মার্শালদের নিরাপত্তা বেষ্টনীর মাঝে স্কুলে ঢুকছেন ছোট্ট রুবি ব্রিজেস, শিল্পী নরমান রকওয়েল। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওবামা রুবির উদ্দেশে বললেন ‘আমার মতে, যদি আমি বলি আপনাদের মত সাহসী মানুষ না জন্মালে আজ আমি এইখানে দাঁড়িয়ে এই পেইন্টিং দেখবার জায়গায় কোনোদিনই থাকতে পারতাম না, তাহলে একটুও অত্যুক্তি করা হয়না’
১৯৫৪ সালে ৮ই সেপ্টেম্বর, আজই রুবি ব্রিজেসের জন্ম হয়।















মন্তব্য করুন
মন্তব্য দেখুন