যে আটটি নতুন বই আপনাকে পড়ে ফেলতেই হবে

লকডাউনে বাড়িতে বসে অনেকেই বই পড়ার অভ্যাস তৈরি করে ফেলেছেন নতুন করে। তা সে বাড়িতে সংগ্রহে থাকা বই হোক, বা পিডিএফ। চলুন এই ফাঁকে আপনাদের নতুন বাঙালি লেখকদের লেখা সেরা আটটি বইয়ের খোঁজ আপনাকে দি, যা আপনাকে পড়তেই হবে।

১. শিশমহল

সায়ন্তনী পূততুন্ডের লেখা এই বইটি একটি সামাজিক ত্রিলার। যাতে রাজনীতির গন্ধও পাবেন। কাশ্মীরের পটভূমিতে লেখা এই বইয়ের ঘটনা কিছু গরিব কাশ্মীরি পরিবারকে কেন্দ্র করে, যাদের জীবন ঝুলে আছে সেনা ও জঙ্গিদের মাঝে। উপন্যাসটিতে আত্মঘাতী হামলার ছক থেকে শুরু করে, মানুষের জীবনে প্রতিনিয়ত যুদ্ধ, সব কথা খুঁজে পাবেন। আনন্দ প্রকাশনীর এই বইটি আপনাকে পড়ে ফেলতেই হবে।

২. পাতাঝরার মরশুমে

স্মরনজিৎ চক্রবর্তীর লেখা এটি প্রথম উপন্যাস। স্কুলজীবনের প্রেম, বন্ধুত্ব, রেষারেষি নিয়ে এক মিষ্টি উপাখ্যান। হয়ত আপনিও উপন্যাসটি পড়তে পড়তে ফেলে আসা দিন গুলোয় ফিরে যাবেন, আর ঠোঁটের কোণে এক রাশ হাসি জমা হবে। আনন্দ প্রকাশনীর এই বইটিও না পড়ে থাকা যায় না।

৩. উইকি

ক্রিকেট নিয়ে গল্প পড়তে আপনার ভালো লাগে? তাহলে গৌতম ভট্টাচার্যের লেখা এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। বাংলার এক রঞ্জী খেলোয়াড়ের গল্প এই বইয়ে বলা হয়েছে। যার স্বপ্ন ঋদ্ধিমান , ধোনির মত ভারতের হয়ে খেলা। কিন্তু এই উইকেটকিপার ব্যাটসম্যানের জীবনে নেমে আসে এক ঘোর সংকট। তাও রঞ্জী ফাইনালের আগে। বাকিটা জানতে দীপ প্রকাশনীর এই বইটি আপনাকে পড়ে ফেলতে হবে।

৪. পঞ্চাশটি গল্প

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘পঞ্চাশটি গল্প’ বইটি প্রকাশ করেছে আনন্দ প্রকাশনী। এই যুগে সুকান্ত গঙ্গোপাধ্যায় একজন স্বনামধন্য লেখক। বিশেষত সামাজিক গল্পের বিচারে উনি বেশ বিখ্যাত। আর এই বইয়ে সবকটি গল্প খুব সুন্দর ও নামী পত্র পত্রিকা থেকে সংকলিত।

৫. গুপ্তচর

সমৃদ্ধ দত্তের লেখা এই বইটি পুরোপুরি ভাবে গল্পের বই না। আসলে ভারতীয় গুপ্তচর সংস্থা “র” ও “আই বি” এর বিভিন্ন অভিযানের কাহিনী তুলে ধরা হয়েছে এই বইয়ে। তাই ভারতীয় স্পাইদের কথা জানতে গেলে এক নিমেষে আপনাকে পড়ে ফেলতে হবে, গাঙচিল থেকে প্রকাশিত এই বইটি।

৬. বিয়োগপর্ব

দেবতোষ দাসের বিয়োগপর্ব বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। স্বাধীনতা লাভের পর তৎকালীন পূর্ব পাকিস্থানের এক হিন্দু পরিবারের দাঙ্গার মধ্যে আটকে যাওয়া। এবং সব হারিয়ে কলকাতায় চলে আসার এক মর্মস্পর্শী কাহিনী তুলে ধরে এই উপন্যাসটি।

৭. ভাসানবাড়ি

গতানুগতিক প্রেমের বাইরে একটু অন্য ধরনের কাহিনী। যেখানে রহস্য, কল্পবিজ্ঞানেরও ছোঁয়া পাওয়া যায়। সায়ক আমানের লেখা এই বইটি, এই বছর বইমেলাতে বিভা পাবলিকেশন প্রকাশ করেছে। তরুণ এই লেখকের লেখার ধরন ইতিমধ্যে বেশ জনপ্রিয়। তাই আপনিও পড়ে ফেলতে পারেন বইটি।

৮. এত রক্ত কেন

সমরেশ মজুমদার যদিও বাংলা সাহিত্যের এক বড় নাম। মাত্র কয়েক বছর আগে প্রকাশিত তার এই রহস্য উপন্যাসটি আপনি পড়ে ফেলতে পারেন। ত্রিপুরার জঙ্গি সংগঠন থেকে বাংলাদেশি মুক্তিযোদ্ধা , ডাক্তার অপহরণ থেকে এক সাংবাদিকের লড়াই ও তার সাথে ত্রিপুরার সাধারন মানুষের কষ্টের এক টানটান থিলার, ‘এত রক্ত কেন’। বইটি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।