প্রথম জীবনে থিয়েটার এবং দূরদর্শনের সিরিয়ালে আত্মপ্রকাশ, ক্রমশ ভারতীয় ছবির সমান্তরাল ধারায় পরিচিত মুখ হয়ে ওঠা, অতঃপর মূল ধারার ছবিতেও নিজের পোক্ত জায়গা তৈরী করতে পেরেছিলেন সদ্য প্রয়াত অভিনেতা ইরফান খান। তিনি সেই সকল বিরল অভিনেতাদের অন্যতম যাঁদের সবকটি কাজই প্রণিধানযোগ্য, প্রথম ছবি অস্কার মনোনয়ন প্রাপ্ত সালাম বোম্বে থেকে শুরু করে শেষ ছবি আংরেজি মিডিয়াম, প্রায় সবই। স্মৃতিচারণের অবকাশে তার জীবনের শেষ পাঁচটি সিনেমা সম্পর্কে নাতিদীর্ঘ কিছু তথ্য উল্লেখ করা হলো। যদি না দেখে থাকেন তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে, ট্রেলার এবং সিনেমা দেখার অফিসিয়াল লিঙ্ক গুলোও দেওয়া রইলো।
১) হিন্দি মিডিয়াম
এটি বাংলা ছবি থেকে অনুপ্রাণিত। নিজের ছেলেকে বড় স্কুলে পড়ানো নিয়েই পুরো গল্পটি। হাসির রাংতায় মোড়া এই ছবিটি আপনাকে আপাত আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্তঃসারশূন্যতা নিয়ে ভাবাবে। মুখ্য চরিত্রে ফাটিয়ে দিয়েছেন ইরফান খান। যতক্ষণ ওঁকে আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনি চোখ ফেরাতেই পারবেন না। ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে।
স্স্ট্রিমিং লিঙ্ক ( হটস্টার )
২) কারিব কারিব সিঙ্গল
আমরা যে পাঁচটি সিনেমা নিয়ে এখন আলোচনা করছি তার মধ্যে এই সিনেমাটি সম্ভবত সবথেকে বেশি বাণিজ্য সফল। মূলত অভিন্ন স্বাদের প্রেমের গল্প। ইরফানের বিপরীতে চরিত্রে দেখা যায় পার্বথি থিরুভথি কে। ২০১৭ সালে মুক্তি পায় এটি।ইরফান ভক্তদের বলবো এই ছবিটি মিস করা একটি কার্ডিনাল সিন।
স্স্ট্রিমিং লিঙ্ক ( নেটফ্লিক্স )
৩) ব্ল্যাকমেইল
ছবির মুখ্য ভূমিকায় দেখা যায় ইরফানকে। একদিন ইরফান অভিনিত চরিত্রটি বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী একজন পুরুষের সাথে প্রণয় লিপ্ত। স্বামী তাৎক্ষণিক ভাবে কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে নিজে একটি স্বতন্ত্র প্লট রচনা করে উক্ত পুরুষটিকে ব্ল্যাকমেইল করতে থাকে। ছবিটি আগাগোড়া ঠাসবুনোট ত্রিলারের মেজাজে এগিয়ে চলে, ব্যক্তিগত ভাবে এই ছবিটির genre ঠিক কী তা বিশেষজ্ঞরাই বলবেন। আদ্যন্ত জয় রাইড ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে।
স্স্ট্রিমিং লিঙ্ক ( আমাজন প্রাইম )
৪) কারওয়াঁঁ
ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। সলমান দুলকার এর প্রথম বলিউড মুভি হিসাবে এটি পরিচিত। সলমান এবং মিথিলার সাথে এখানে দেখা যায় ইরফানকে। ফুরফুরে হাল্কা মেজাজের একটি ছবি, কিন্তু সবকটি চরিত্রই রেখাপাত করে দর্শক মনে। গল্পে সলমানের চরিত্রের বাবার মৃতদেহ বদল হয়ে যায় অন্য একটি পরিবারের সাথে। এবং সেটি খোঁজ করা নিয়েই পুরো গল্পের প্লটটি সাজানো হয়েছে। ছবির প্লটে হিউমার ফেনপুঞ্জ যেন স্ক্রিপ্টের পাংচুয়েশন। লকডাউনের একটি ক্লান্ত বিকেল আপনি এই ছবিটি দেখে অতিবাহিত করতেই পারেন।
স্স্ট্রিমিং লিঙ্ক ( আমাজন প্রাইম )
৫) আংরেজি মিডিয়াম
লকডাউনের কারণে যে ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পাবার পরেই প্রত্যাহার করতে হয়েছিলো, অভিনেতা আজ আমাদের মধ্যে নেই এ যেন কল্পনারও অতীত। ইরফান খানের জীবনের শেষ এই ছবিটি বকলমে তাঁর আগের সিনেমা হিন্দি মিডিয়ামের সিকিউয়াল। এক বিত্থীন বাবার নিজের মেয়েকে বিদেশে উচ্চ শিক্ষা দেওয়ার সংগ্রাম নিয়েই পুরো গল্প। শুরু থেকে শেষ আপাত হাসির মেজাজ ধরে রাখলেও ছবিটির অনেক উপাদানই দর্শক মনে একটা অনন্য অভিঘাত রেখে যায়, বাকীটা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন।
স্স্ট্রিমিং লিঙ্ক ( হটস্টার )















মন্তব্য করুন
মন্তব্য দেখুন