সায়ন, তুই থেকে যাবি আমাদের হৃদ মাঝারে

আজ শুক্রবার রিলিজ হয়ে গেছে KSS Production & Entertainment এর নতুন ছোট ছবি “ হৃদ মাঝারে”। ছবিটি KSS The Originals এর ইউটিউব চ্যানেল থেকে রিলিজের পরই বেশ সাড়া ফেলেছে। তবে আজ ছবিটি আলোচ্য বিষয়বস্তু নয়। এই ছবিরই চিত্রগ্রাহক সায়ন চন্দ আমাদের এই প্রতিবেদনের মূলে। প্রতিবেদন লিখেছেন ছবিরই পরিচালক রজত সাহা।

প্রায় বেশ কয়েকমাস পর রিলিজ হয়ে গেল আমাদের ছবি “হৃদ মাঝারে” । ছবিটা অনেকদিন আগে তৈরি, কিন্তু মূলত ফিল্ম ফেস্টিভ্যাল ঘোড়ার জন্য রিলিজে দেরি হল। এই ছবিটা আমাদের টিমের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কোভিডের প্রথম ঢেউ সবে সরেছে, আমরা বেশ ভয়ে ভয়ে। তার উপর ছোট টিম নিয়ে কাজ। আর এই সময় আমার সবচেয়ে বড় ভরসা ছিল সায়ন। গল্প বলার সময় থেকেই ও বলেছিল, “রজত দা, ক্যামেরাটা আমি করব”। প্রথাগত ক্যামেরার শিক্ষা ও নেয় নি। কোন ডিওপি কে ও অ্যাসিস্ট করেনি কখনো। তবে ছেলেটার একটা ক্ষমতা ছিল। প্রচুর সিনেমা দেখত আর সেখান থেকে ঝুড়ি ঝুড়ি জ্ঞ্যান নিজের মগজে তুলে ধরত। সেখান থেকেই প্রথম ‘পাতা ঝরার দিনে’ , তারপর ‘হৃদ মাঝারে’ । এর পরও দুটি ছবি আছে মুক্তির অপেক্ষায়, সেগুলো নিয়ে আজ না হয় আলোচনা করলাম না। সায়ন শুধু ক্যামেরায় চোখ রেখেই খালাস না, ক্রিয়েটিভ দিক থেকে আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল সে। ছোট খাটো স্ক্রিপ্টের ভুল। বা কোন জটিল শটে আটকে গেলে ঠিক ও বুদ্ধি খাটিয়ে বার করে আনত আমাদের। কখনো হাল ছাড়ত না। অভিনেতারা ভুল করলে ধমক দিয়ে তাদের থেকে অভিনয় বার করে নিত। শুট করতে যেটা চাই, ব্যাস চাই। উপায় না থাকলে, ও উপায় বানিয়ে নিত সেটা জোগাড় করার। কখনো শটের মাঝে হাল ছেড়ে দিত না। সেই ছেলেটা জীবনে এরকম হাল ছেড়ে দেবে বুঝিনি। হঠাৎ আমারই টিমের মেম্বার অনিমেষ প্রথম খবর দেয় আমাদের, সায়ন আর নেই। বড় অভিমান নিয়ে সেচ্ছায় আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু শুধু কি আমরা একজন উঠতি প্রতিভাবান ডিওপি হারালাম? না , সায়নের আরো একটা পরিচয় হল, ও এক অসাধারণ পরিচালক। “টেক কেয়ার” শর্টফিল্ম ওরই বানানো। সেটা এখন “one love media” চ্যানেলে এক কোটির উপর বেশি ভিউজ নিয়ে দৌড়াচ্ছে। এছাড়া আমার মনসুন মেলোডিজের ‘চলতে চলতে পথ’ গানটাও ওরই নির্দেশনায় তৈরি। তবে সায়ন মানে শুধু প্রতিভা না তার থেকেও বড় কথা ক্রিয়েটিভ দিক থেকে একটা ভরসা। আজ সেই ভরসাটা আমাদের থেকে অনেক দূরে। ভাই আজ অনেক দূরে। জানি, আর চাইলেও ফিরতে পারবেনা, আমরাও ওর ঘাটতি পূরণ করতে পারবো না। আর সেটা হয়ত পরবর্তী শুটগুলোতে টেরও পাব। তবে হৃদ মাঝারে যে লোকের ভালো লাগছে। এটা দেখে ও উপর থেকে হাসছে। ভালো থাকিস ভাই। তোর কাজগুলো বেচে আছে। তোর সাহসটা বেচে আছে। বেচে থাকবে।
-রজত সাহা